পিটারবরো ইউনাইটেডের মূল দলের হয়ে এখনও মাঠে নামা হয়নি টাইলার ইয়ং-য়ের। আজ এভারটনের বিপক্ষে এফএ কাপে ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের খেলার সম্ভাবনাও অনেক কম।
কিন্তু দলটার ম্যানেজার ড্যারেন ফার্গুসন যদি টাইলারকে নামিয়ে দেন, দুর্দান্ত এক ইতিহাসের সাক্ষী হবে ফুটবল-বিশ্ব। নাম শুনেই বুঝতে পারছেন, ইয়ং পরিবারের সদস্য টাইলার। স্পষ্ট করে বললে, বিখ্যাত ইংলিশ তারকা অ্যাশলি ইয়ং-য়ের ছেলে সে। যে অ্যাশলি ইয়ং অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়াটফোর্ড, ইন্টার মিলান ঘুরে এখন নাম লিখিয়েছেন এভারটনে – বয়স ৩৯ হলেও খেলছেন নিয়মিত।
টাইলার মাঠে নামলে বাবা-ছেলে প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে, এমন নজির খুব সম্ভবত প্রথমবারের মতো দেখা যাবে। এফএ কাপের ১৫৪ বছরের ইতিহাসে তো বটেই। ব্যাপারটা দুর্দান্ত, তাই না?
সতীর্থ হিসেবে বাবা-ছেলে খেলছেন, এমন উদাহরণ এর আগেও দেখেছে বিশ্ব। হেনরিক লারসন, রিভালদো, আইডুর গুডইয়নসেনদের জিজ্ঞেস করলে সে অভিজ্ঞতা সম্পর্কে জানাও যাবে।
কিন্তু প্রতিপক্ষ হিসেবে? মজার ব্যাপারটা এখানেই। পিটারবরোর বিপক্ষে এফএ কাপ খেলতে হবে, এমনটা নিশ্চিত হওয়ার পর অ্যাশলি ইয়ং নিজেই টুইট করে জানিয়েছিলেন আনন্দের কথা, ‘বাহ, স্বপ্ন সত্যি হলেও হতে পারে!’
সব নির্ভর করছে এখন ড্যারেন ফার্গুসনের ওপর। অবশ্য, বাবা-ছেলের এমন ‘মিলন’ হলে পরিবারে কেমন অম্ল-মধুর অভিজ্ঞতার রেশ বয়ে যেতে পারে, সে ব্যাপারে কেউ যদি ভালো অনুমান করতে পারেন, সে তালিকায় ড্যারেন নিজেও থাকবেন। উপনাম শুনেই হয়তো অনুমান করতে পারছেন ড্যারেনের বাবার নাম।
হ্যাঁ, ড্যারেন কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার স্যার অ্যালেক্সেরই ছেলে। যে স্যার অ্যালেক্সের অধীনে খেলেছেন খোদ অ্যাশলি।
ইতিহাস হতে দেবেন তো ড্যারেন?