লুসিয়েন ফাভরে : বরুশিয়া ডর্টমুন্ডের নতুন ম্যানেজার

বেশ কয়েক বছর ধরেই দলে কোন স্থিতিশীল ম্যানেজার পাচ্ছেনা জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ইউর্গেন ক্লপের পরে থমাস টুখেল, এই দুইজন গত দশ বছরে ডর্টমুন্ডকে তাদের ইতিহাসের অন্যতম সফল সময় উপহার দেওয়ার পর অন্য কোন ম্যানেজার এসে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি – পিটার বশ, মার্কো স্টয়েগার। শোনা যাচ্ছিল, সামনের মৌসুম থেকে ডর্টমুন্ডের দায়িত্ব নিতে আসবেন জার্মান লিগের অন্যতম সেরা ও তরুণ ম্যানেজার জুলিয়ান ন্যাগেলসম্যান – কিন্তু সামনের মৌসুমে হফেইনহেইমকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দেওয়া ও সদ্য শেষ হওয়া লিগে ডর্টমুন্ডের চেয়ে উপরে শেষ করা কোচ ন্যাগেলসম্যান খুব সম্ভবত ডর্টমুন্ডের কোচ হচ্ছেন না। এদিকে লিগ শেষ হবার সাথে সাথেই ডর্টমুন্ডের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অস্ট্রিয়ান কোচ মার্কো স্টয়েগার। সবকিছু মিলিয়ে একটা নতুন ম্যানেজার খুবই দরকারী হয়ে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ডের জন্য। নির্ভরযোগ্য সূত্রের খবর মানলে সেই অপেক্ষাও শেষ হতে চলেছে। সামনের মৌসুম থেকে ডর্টমুন্ডের দায়িত্ব নিতে আসছেন সাবেক হার্থা বার্লিন, বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ ও নিস এর সুইস ম্যানেজার লুসিয়েন ফাভরে।

গত মৌসুমেই লুসিয়েন ফাভরে কে দলে আনতে চেয়েছিল ডর্টমুন্ড, কিন্তু নিস তাদের প্রজ্ঞাবান ম্যানেজারটিকে ছাড়তে চায়নি। এবার লুসিয়েন ফাভরে এর চুক্তির ৩ মিলিয়ন ইউরো দিয়ে হলেও তাঁকে ডর্টমুন্ডে আনতে চায় হলুদ-কালো বাহিনী।

জার্মান লিগে হার্থা বার্লিন ও বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের হয়ে কোচিং করানো লুসিয়েন ফাভরে জার্মান মিডিয়াতে “অ্যান্টি-ক্লপ” হিসেবে পরিচিত। অর্থাৎ ক্লপের মত শুধুই হাই-প্রেসিং এ খেলতে পছন্দ করেন না। খেলতে পছন্দ করেন ৪-৪-২ ফর্মেশানে। শুধুমাত্র আক্রমণই লুসিয়েন ফাভরে রে ট্যাকটিকসের শেষ কথা নয়। নিজের ডিফেন্স ঠিকঠাকমত সামলে পরে প্রয়োজন হলে তবেই কাউন্টার প্রেসিং এর দ্বারস্থ হন তিনি। তবে তাঁর দল যে তাই বলে একদম বিরক্তিকর ফুটবল খেলে তাও কিন্তু নয়। তাঁর দলের প্রত্যেকটা খেলোয়াড়ের একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে, সবকিছু ছেড়েছুড়ে শুধুই আক্রমণ করতে যান না তিনি, ফলে প্রতিপক্ষের অনেক কষ্ট হয় লুসিয়েন ফাভরে এর দলের বিপক্ষে গোল দিতে। এ পর্যন্ত যতগুলো দলে লুসিয়েন ফাভরে কোচিং করিয়েছেন প্রত্যেক দলের খেলার স্টাইলেই উন্নতি এনেছেন তিনি, খেলোয়াড়দের উন্নয়ন ঘটিয়েছেন তিনি। যে খেলোয়াড় তাঁর স্টাইলের সাথে যায় না তাঁকে বেঞ্চে বসিয়ে রাখতেও তাঁর দু’বার ভাবতে হয়না। উদাহরণ হিসেবে বলা হয় বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের ম্যানেজার থাকার সময় মনশেনগ্ল্যাডবাখের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে সেবার দলে এসেছিলেন ডাচ স্ট্রাইকার লুক ডে ইয়ং। অনেকটা ম্যানেজমেন্টের পছন্দেই। লুসিয়েন ফাভরে তাঁকে প্রায় গোটা মৌসুম বেঞ্চে রেখেছিলেন শুধুমাত্র তাঁর খেলার স্টাইল ফাভরের স্টাইলের সাথে যায় না বলে।

লুসিয়েন ফাভরে এর তুখোড় কোচিংয়েই এ যুগে সুইস ফুটবলের একটা বিরাট অংশ দলে নিজেদের স্থায়ী করতে পেরেছেন। তরুণ খেলোয়াড়দের ঠিকঠাকভাবে গড়তে পারার একটা অনেক ভালো অভ্যাস আছে লুসিয়েন ফাভরে এর। নাপোলি ও তোরিনোর সাবেক সুইস মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি, উদিনেস-নাপোলি ও লেস্টার সিটির সাবেক সেন্ট্রাল মিডফিল্ডার গোখান ইনলার তাঁর অধীনেই তারকা হয়েছেন। বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের ম্যানেজার থাকার সময় লুসিয়েন ফাভরে জার্মান উইঙ্গার মার্কো রইস কে অসাধারণ বানিয়েছিলেন, যার সুফল এখন ভোগ করছে ডর্টমুন্ড আর জার্মানি। তাঁর কোচিংয়েই আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হয়ে মনশেনগ্ল্যাডবাখ থেকে বার্সেলোনাতে পাড়ি জমিয়েছেন মার্ক-অ্যান্দ্রে টার স্টেগেন। সুইস ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার গ্রানিত শাকা তাঁর অধীনেই পরিস্ফুটিত হয়ে পরে পাড়ি জমিয়েছেন আর্সেনালে। তবে তাঁর সবচেয়ে বড় সাফল্য বোধকরি তাঁর বর্তমান ক্লাব নিসেই। মারিও বালোতেল্লির মত মাথা গরম করা স্ট্রাইকারকে শান্ত করে আবারও গোলমেশিনে রূপান্তরিত করেছেন তিনিই। তাঁর কোচিংয়েই এখন বিশ্ব ফুটবলে নিজেদেরকে তারকা হিসেবে গড়ে তুলছেন আইভোরিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার জ্যাঁ-মিশেল সেরি, ফরাসী উইঙ্গার অ্যালান-সেইন্ট ম্যাক্সিমিন, ফরাসী সেন্টারব্যাক মালাং সার, ফরাসী মিডফিল্ডার উইলান সিপ্রিয়েন, পর্তুগিজ রাইটব্যাক রিকার্ডো পেরেইরা, ব্রাজিলিয়ান লেফটব্যাক ডালবার্ট। তাঁর অধীনেই বালোতেল্লির মত আবারও নিজেকে ফিরে পেয়েছেন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দান্তে ও ফরাসী উইঙ্গার হাতেম বেন আরফা।
লুসিয়েন ফাভরে : বরুশিয়া ডর্টমুন্ডের নতুন ম্যানেজার
বালোতেল্লিকে বশ মানিয়েছেন এই ফাভরেই

এর মধ্যেই সামনের মৌসুমে ডর্টমুন্ডে কে কে আসবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। এবং একটা বিষয় মোটামুটি নিশ্চিত সামনের মৌসুমে ডর্টমুন্ডে মোটামুটি একটা সুইস রাজত্ব দেখা যাচ্ছে। কেননা কোচ লুসিয়েন ফাভরে এর পাশাপাশি জুভেন্টাস থেকে আসছেন সুইস রাইট উইংব্যাক স্টেফান লিখস্টাইনার। ডর্টমুন্ডের বহুদিনের গোলপ্রহরী রোমান ভাইডেনফেলার চলে যাওয়ায় দলে অগসবুর্গ থেকে আসছেন সুইস গোলরক্ষক মারভিন হিতজ, আর আগে থেকে আরেক সুইস গোলরক্ষক রোমান বুরকি তো আছেনই। দলে এর মধ্যেই আছেন সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি।

বরুশিয়া ডর্টমুন্ডে সুইস রেভোল্যুশন শুরু হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র!

*মে ১৩, ২০১৮ তারিখে গোল্লাছুট ডটকমে প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik