যত কাণ্ড বিশ্বকাপ ফুটবলে : ডামার্কাস বিসলি’র হালকা হওয়া!

আর মাত্র ৪২ দিন। ৪২ দিন পরেই শুরু হবে বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ মহাযজ্ঞ – বিশ্বকাপ ফুটবল। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া এই মহাযজ্ঞের একবিংশতম আসর বসছে এইবার – রাশিয়ায়। বিশ্বকাপ ফুটবলের অবিস্মরণীয় কিছু ক্ষণ, ঘটনা, মুহূর্তগুলো আবারও এই রাশিয়া বিশ্বকাপের মাহেন্দ্রক্ষণে পাঠকদের মনে করিয়ে দেওয়ার জন্য গোল্লাছুট ডটকমের বিশেষ আয়োজন “যত কাণ্ড বিশ্বকাপ ফুটবলে”!
আমেরিকান ফুটবল (বা মতান্তরে সকার) সুপারস্টারদের নাম বলতে বললে আপনি কাদের নাম বলবেন? ল্যানডন ডনোভানের নাম বলতে পারেন হয়ত সবার আগে। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির এই কিংবদন্তী স্ট্রাইকার ইউরোপে খেলে গিয়েছেন বায়ার্ন মিউনিখ, এভারটন, বেয়ার লেভারক্যুজেনের মত ক্লাবের হয়েও। আমেরিকান ফুটবল বা সকারের সর্বকালের সবচেয়ে বড় তারকা মানা হয় তাঁকে। বা বলতে পারেন ক্লিন্ট ডেম্পসির কথা। ফুলহ্যাম ও টটেনহ্যামের সাবেক খেলোয়াড় হবার সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ভক্তরা ক্লিন্ট ডেম্পসিকে বেশ ভালোভাবেই চেনেন। ওদিকে এসি মিলানের হয়ে একসময় খেলতেন সেন্টারব্যাক ওগুচি ওনিয়েউ। ডামার্কাস বিসলির নাম হয়তো কেউ বলবেন না।
তবে বিংশ শতাব্দীতে এই ডামার্কাস বিসলি আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০১ সালে আমেরিকার হয়ে অভিষিক্ত এই খেলোয়াড় এখনো খেলে যাচ্ছেন, ৩৫ বছর বয়স হওয়া সত্ত্বেও। লেফট মিডফিল্ডার/লেফট উইংব্যাক বা লেফটব্যাক হিসেবে খেলা এই খেলোয়াড় ক্লাবজীবনে খেলেছেন ম্যানচেস্টার সিটি, হ্যানোভার, পিএসভি, রেঞ্জার্স ইত্যাদি ক্লাবের হয়ে। আমেরিকার হয়ে এখনো পর্যন্ত ১২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৭টি।
ডামার্কাস বিসলি
তবে বিশ্বকাপ এ এই ডামার্কাস বিসলি কিন্তু এসব কোন কারণেই বিখ্যাত হননি! বিখ্যাত হয়েছিলেন একটা অপ্রত্যাশিত হাস্যকর কারণের জন্য! কি সেটা?
স্বাভাবিক সব মানুষের মত ফুটবলারদেরও মূত্রত্যাগ করার প্রয়োজন হতেই পারে, তারা তো আর মহামানব নন যে এই প্রয়োজন হবেনা তাদের! খেলার মাঠে তাই খেলতে নামার আগে সবাই এই কাজটা সেরেই তারপরে মাঠে নামেন যাতে কোন সমস্যা না হয়। সাইডলাইনে বসে থাকার সময়েও যদি ছোট কাজ সারার যদি প্রকৃতি ডাক দিয়েও দেয়, তাহলে ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়েরা হালকা হয়ে আসেন।
কিন্তু ২০০২ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আমেরিকার এই উইংব্যাক ডামার্কাস বিসলি এতকিছুর ধারই ধারলেন না! দল দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলছে মেক্সিকোর সাথে। জিতলেই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। ডামার্কাস বিসলি মূল একাদশে নেই, বিকল্প খেলোয়াড় হিসেবে সাইডবেঞ্চে ছিলেন তখন। এ সময় হঠাৎ দেখা গেলো বিসলি উঁকিঝুঁকি দিয়ে কি যেন একটা করতে চাইছেন! একটু ইতি উতি তাকিয়ে এরপর তিনি যা করলেন তাঁর জন্য যেকোন বিশেষণই কম হয়ে যায়!
সেই বিখ্যাত কাজ!
সুন্দরমত আন্ডারপ্যান্টটা এক পাশে চাপিয়ে দিয়ে মাঠের মধ্যেই মূত্রত্যাগ করতে থাকলেন তিনি! ঘুণাক্ষরেও বুঝতে পারলেন না বিশ্বব্যাপী শত শত ক্যামেরা তাঁর দিকে তাক করা, তিনি যা করছেন তা সরাসরি সম্প্রচারিত হয়ে সারা বিশ্ব্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে! বেশ অনেকক্ষণ ধরে মূত্রত্যাগ করার পর আবার সেই ভদ্র ছেলেটির মত সতীর্থদের পাশে গিয়ে বসে পড়লেন তিনি – যেন কিছুই হয়নি!
পরে কোন এক বিচিত্র কারণে ডামার্কাস বিসলির বিরুদ্ধে এহেন কাজ করার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি!

*মে ৩, ২০১৮ তারিখে গোল্লাছুট ডটকমে প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik