ইন্তার রক্ষণে নতুন অস্ত্র : স্তেফান দে ভ্রাই

গত মৌসুম থেকেই লুসিয়ানো স্প্যালেত্তির অধীনে নিজেদেরকে গড়তে শুরু করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। আর এই গড়াটা শুরু হয়েছে একেবারে ডিফেন্স থেকেই। গত মৌসুমেই মিলান স্ক্রিনিয়ার, হোয়াও ক্যানসেলো – এদের দলে নিয়ে ইন্টারের ডিফেন্সকে একটা শক্ত ভিত্তি দিয়েছেন লুসিয়ানো স্প্যালেত্তি। সেন্টারব্যাক মিলান স্ক্রিনিয়ার ও রাইটব্যাক হোয়াও ক্যানসেলো, দুইজনই এই মৌসুমে নিজেদের সিরি আ এর অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অটুট ডিফেন্সের আরেকটি ভিত্তি হিসেবে এবার সিরি আ প্রতিদ্বন্দ্বী লাজিও থেকে ডাচ সেন্টারব্যাক স্টেফান ডে ভ্রাই কে নিয়ে এল ইন্টার মিলান।

ডে ভ্রাই এর সাথে লাজিওর চুক্তি শেষ, লাজিওর সাথে আর চুক্তি নবায়ন করতে চাননি এই ডাচ সেন্টারব্যাক, অন্য ক্লাবে নিজেকে যাচাই করতে চেয়েছেন। ফলে আসছে জুলাই মাসের এক তারিখে ফ্রি ট্রান্সফারে লাজিও থেকে ইন্টারে যোগ দেবেন এই ২৬ বছর বয়সী সেন্টারব্যাক। ২০১৪ সালে ডাচ ক্লাব ফেইনুর্দ থেকে লাজিওতে যোগ দেওয়া এই সেন্টারব্যাক নিজেকে লিগের অন্যতম সেরা সেন্টারব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই চার বছরে।
নির্ভরযোগ্য সূত্রমতে ইন্টারের সাথে ডে ভ্রাই এর চুক্তি চার বছরের, ২০২৩ সাল পর্যন্ত, প্রতি বছর ৪.২ মিলিয়ন ইউরো করে ইন্টারে উপার্জন করবেন তিনি।

ডে ভ্রাইয়ের খেলার অন্যতম বড় দিক তিনি ডিফেন্স থেকে ছোট ছোট পাসের মাধ্যমে খেলা গড়তে পছন্দ করেন। এই মৌসুমে নূন্যতম ১৫ ম্যাচ মূল একাদশে থেকেছেন এরকম খেলোয়াড়দের মধ্যে স্টেফান ডে ভ্রাই এর সফল পাস দেওয়ার হার সবচাইতে বেশী, ৯১.৭%। সেট পিসে ডে ভ্রাই এর হেড করে গোল দেওয়ার একটা ধাত আছে, অর্থাৎ ইন্ডিরেক্ট ফ্রি কিক বা কর্নারগুলিতে তিনি বেশ বিপজ্জনক। দুই পায়ে সমানভাবে খেলতে পারদর্শী হবার কারণে সেন্ট্রাল ডিফেন্সের ডানদিক বা বামদিক, উভয়দিকেই খেলতে পারেন তিনি। মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করা ডে ভ্রাই সেন্টারব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে রাইটব্যাক হিসেবেও খেলেছেন, ফলে বল পায়ে তাঁর দক্ষতাটা অমূলক নয়। ফেইনুর্দে রোনাল্ড ক্যোম্যান, নেদারল্যান্ড জাতীয় দলে লুই ভ্যান হাল কিংবা লাজিওতে সিমোনে ইনজাঘি – তিন ঘরানার তিন কোচের অধীনে খেলে ও নিজেকে তিন কোচেরই অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে ডে ভ্রাই জানিয়ে দিয়েছেন বিভিন্ন স্টাইলের সাথে মানিয়ে নিতে তাঁর সমস্যা হয় না। তাছাড়া তিনজন সেন্টারব্যাকবিশিষ্ট ডিফেন্স, বা দুইজন সেন্টারব্যাকবিশিষ্ট ডিফেন্স – উভয় ক্ষেত্রেই ডে ভ্রাই এর ভালো খেলার প্রবণতা যে কোন কোচের কাছেই তাঁকে একটা লোভনীয় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্টেফান ডে ভ্রাই, মিলান স্ক্রিনিয়ার, মিরান্ডা – ইন্টারের এই সেন্ট্রাল ডিফেন্স কি পারবে জুভেন্টাসের কিংবদন্তী লিগজয়ী সেন্ট্রাল ডিফেন্সকে (জর্জো কিয়েল্লিনি, আন্দ্রেয়া বারজাগলি, মেহদি বেনাটিয়া) হারিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে? সময়ই বলে দেবে!

*মে ১১, ২০১৮ তারিখে গোল্লাছুট ডটকমে প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik