যত কাণ্ড বিশ্বকাপ ফুটবলে : লুইস সুয়ারেজের কামড়-কাণ্ড!

আর মাত্র ৩৯ দিন বাকী। ৩৯ দিন পরেই শুরু হবে বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ মহাযজ্ঞ – বিশ্বকাপ ফুটবল। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া এই মহাযজ্ঞের একবিংশতম আসর বসছে এইবার – রাশিয়ায়। বিশ্বকাপ ফুটবলের অবিস্মরণীয় কিছু ক্ষণ, ঘটনা, মুহূর্তগুলো আবারও এই রাশিয়া বিশ্বকাপের মাহেন্দ্রক্ষণে পাঠকদের মনে করিয়ে দেওয়ার জন্য গোল্লাছুট ডটকমের বিশেষ আয়োজন “যত কাণ্ড বিশ্বকাপ ফুটবলে”!
উরুগুয়ের ইতিহাসে লুইস সুয়ারেজ অন্যতম সেরা একজন ফুটবলার। সর্বসেরা বললেও ভুল হবেনা, কেননা উরুগুয়ের ইতিহাসে তাঁর থেকে বেশী গোল আর কেউ দেয়নি। লিভারপুল, বার্সেলোনা, আয়াক্স – যে ক্লাবেই খেলেন না কেন, সবসময় সেই ক্লাবের প্রাণভোমরা হয়েই ছিলেন বা আছেন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মানা হয় তাঁকে। কিন্তু মাঝে মাঝে মাঠের মধ্যে বা বাইরে যেসব কাণ্ড ঘটান তিনি খেলা বাদ দিয়ে, সেসব কাণ্ড দেখার পর তাঁকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভাবতে কষ্ট হয় বৈকি!
মাঠের মধ্যে প্যাট্রিস এভরাকে নিগ্রো বলে গালি দেওয়া থেকে শুরু করে ওটমান বাক্কালের কাম কামড়ে ছিঁড়ে ফেলা, ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড়ে দেওয়া – সুয়ারেজকে ফুটবলের ক্যানিবাল বললেও ভুল বলা হবেনা। মাংসখেকো।
তাছাড়া ২০১০ বিশ্বকাপে গোললাইন থেকে ঘানার খেলোয়াড় ডমিনিক আদিইয়াহ এর গোল হাত দিয়ে সরিয়ে ঘানার বিশ্বকাপ নষ্ট করার কাণ্ডটা তো আছেই!
অর্থাৎ, সুয়ারেজ মানেই কাহিনি, সেটা ফুটবল সংক্রান্ত বিষয়ের জন্য হোক বা না হোক। ২০১৪ বিশ্বকাপ এর সময়েও তাঁর ব্যত্যয় ঘটেনি।
সেবার বিশ্বকাপের গ্রুপ অফ ডেথে পড়েছে উরুগুয়ে, ইংল্যান্ড, ইতালি ও কোস্টারিকা। গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি উরুগুয়ে আর ইতালি। পরের রাউন্ডে যাওয়ার জন্য দুই দলের কাছেই জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর উপর ব্রাজিলের অত্যন্ত গরমে দুই দল নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারছিল না।
এর মধ্যে হঠাৎ তৎকালীন লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ একটা কাণ্ড করে বসলেন! ম্যাচের ৭০-৭১ মিনিটের পরে ইতালি ও জুভেন্টাস সেন্টারব্যাক জর্জো কিয়েল্লিনি কে কাঁধে কামড়ে দিলেন! রেফারি মার্কো রড্রিগেজ অত ভালোভাবে বিষয়টা লক্ষ্য করেননি, ফলে সুয়ারেজকে কোন কার্ডও দেখাননি তিনি। কিন্তু কিয়েল্লিনি কাঁধের কাছে নিজের জার্সি সরিয়ে রেফারিকে কামড়ের দাগ দেখাতে ছুটে বেড়ালেন কিছুক্ষণ। উরুগুয়ের মিডফিল্ডার গাস্তন রামিরেজ আবার কিয়েল্লিনির জার্সি দিয়ে ঐ খোলা অংশটা ঢাকার ব্যর্থ চেষ্টা করলেন কিছুক্ষণ – যেন কোনরকমে ঢেকে দিলেই সুয়ারেজের কামড়ের দাগ মিটে যাবে! এ যেন এক পুরো কমেডি সিনেমা!

ওদিকে কামড়-টামড় দিয়ে সুয়ারেজ নিজেই দাঁতে আঙ্গুল চেপে শুয়ে রইলেন কিছুক্ষণ, যেন কিয়েল্লিনিকে কামড়াতে গিয়ে নিজেই দাঁতের অনেক বড় একটা ইনজুরিতে পড়েছেন! আবার হতেও পারে এর আগে সুয়ারেজ যাদেরকে কামড়েছিলেন – ওটমান বাক্কালকে কানে ও ব্রানিস্লাভ ইভানোভিচকে হাতে, কোন জায়গাতেই তাঁর কামড়াতে এত ব্যথা লাগেনি কেননা, স্বাভাবিকভাবেই, কিয়েল্লিনির কাঁধ তো অনেক শক্ত আর মজবুত!
এই কামড় কাণ্ডের জন্য পরে ফিফা লুইস সুয়ারেজকে এক লাখ সুইস ফ্রাঁ জরিমানা করে, সাথে নিষিদ্ধ করে নয় ম্যাচ ও চার মাসের জন্য!

*মে ৮, ২০১৮ তারিখে গোল্লাছুট ডটকমে প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Got a PROJECT

IN MIND?

©2024 Nishat Ahmed Zishan, All Rights Reserved.

Developed by Asif Mollik